দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গাজীপুরে ঐতিহাসিক গণসংবর্ধনার প্রস্তুতি জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গী–কামারপাড়া সংযোগ সড়কসংলগ্ন নবী সাহেবের বাংলোয় আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম মনজুরুল করিম রনি বলেন, পতিত সরকারের শাসনামলে নানা নির্যাতন ও নিপীড়নের মধ্যেও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। সেই ত্যাগের যথাযথ মর্যাদা দিতে তারেক রহমানের আগমনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সফল করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, যত প্রতিকূলতাই থাকুক না কেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে—ইনশাল্লাহ।
সভায় তিনি জানান, গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংবর্ধনাস্থল পরিদর্শনসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ২৫ ডিসেম্বর গাজীপুরে একটি নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, গাছা থানা বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।