
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো ঢাকা জেলার তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদ্রাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)।
নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, ইমরান কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকাযোগে তুরাগ নদীতে গোসল করতে যায়। এ সময় নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে ইমরান নদীতে ঝাঁপ দিলে সেও স্রোতে তলিয়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশি চালায়। পরে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, বিকেলে পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে তুরাগ নদীতে ঘুরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ইমরানও পানিতে তলিয়ে যায়। পরে দীর্ঘ চেষ্টার পর ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।