
তেজগাঁও প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। ২১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ১৯ জন সদস্য ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার আলহাজ্ব মো. হাবিবুর রহমান। তার প্রতীক ‘ল্যাপটপ’। অপর প্রার্থী দৈনিক বাঙালির কণ্ঠের নার্গিস সুলতানা লাভলী। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং তার প্রতীক ‘কলম’।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এস এম শামীম। তার প্রতীক ‘ক্যামেরা’। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের স্রোতের মোহাম্মদ বাবুল ইসলাম। তার প্রতীক ‘মাইক্রোফোন’।
তেজগাঁও প্রেসক্লাবের প্রথম নির্বাচনকে ঘিরে ভোটার ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের কাছে নিজেদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে ভোট প্রার্থনা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার মাঈনুদ্দিন রিপন বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা আশা করছি, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।”
উল্লেখ্য, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচন তেজগাঁও প্রেসক্লাবের ইতিহাসে প্রথম নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।