ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় আবারও দৃশ্যমান হয়েছে পুরোনো চিত্র—মন্ত্রীদের আগমন ঘিরে তড়িঘড়ি করে সড়ক সংস্কার।
আগামীকাল শনিবার (৪ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক থেকে চা বাগানের অভ্যন্তরে প্রায় দেড় কিলোমিটার সড়কে শুরু হয়েছে জরুরি সংস্কার কাজ।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা সড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা চরম দুর্ভোগে পড়লেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে ভিআইপি সফর ঘিরে এখন ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, এটি নতুন কিছু নয়। প্রতি বছর তেলিয়াপাড়া দিবস এলেই একইভাবে অস্থায়ী সংস্কার করা হয়, যা অল্পদিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যায়। ফলে স্থায়ী সমাধান থেকে বঞ্চিত থাকেন এলাকাবাসী।
তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, “এই সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বছরের পর বছর ধরে এর স্থায়ী উন্নয়ন হয়নি।”
বর্তমান ইউপি সদস্য সাইমন মর্ম বলেন, “সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন আনন্দের। তবে আমরা চাই, এই সুযোগে যেন টেকসই উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।”
উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ চলছে। ইতোমধ্যে সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে কাজ শুরু করা হবে।
এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তেলিয়াপাড়ার এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হোক।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।