নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:১৩:৪০ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বক্তব্য দেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তওহীদুর রহমান এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি–এর অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান।
ব্রিফিংয়ে জানানো হয়, হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৯টি উপজেলায় প্রায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির এসব প্লাটুন সদস্য পৃথকভাবে ৯টি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে। জেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানান কর্মকর্তারা।
বিজিবি অধিনায়ক আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, **বাংলাদেশ সেনাবাহিনী**সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করছে বিজিবি।
নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে ৫৫ বিজিবি। বিজিবি সদর দপ্তর ও আওতাধীন ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭ জন আসামিসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
লে. কর্ণেল তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিন-রাত নজরদারি অব্যাহত থাকবে। “আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল আছি এবং ভবিষ্যতেও থাকবো,”—বলেন তিনি।




















