
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মঙ্গলবার সকালে মাগুরা-১ আসনের (সদর-শ্রীপুর) বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সকাল ১০টায় মাগুরা-১ আসনের অন্তর্গত বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও ভোটগ্রহণ সংক্রান্ত সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মাগুরা জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে—মাগুরা-১ ও মাগুরা-২। মাগুরা-১ আসন সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। আজ আমরা শ্রীপুর উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি।”
তিনি আরও জানান, “মাগুরা জেলায় মোট ৩০১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোটকেন্দ্র। সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে। ভোটকেন্দ্রে যাতায়াত, ভোট প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে গণভোটের প্রচার-প্রচারণাও শুরু হয়েছে। সব দপ্তরের মধ্যে সমন্বয় রয়েছে। এখন আমরা শুধু ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছি।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।