মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৮:০০ প্রিন্ট সংস্করণ
রংপুরের ছয়টি সংসদীয় আসনে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারে ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ৭ জন। গত নির্বাচনের মতো এবারও পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি রয়েছে। পাশাপাশি বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও।
বুধবার (২৪ ডিসেম্বর) রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ১২ লাখ ২০ হাজার ৩৯৪ জন, পুরুষ ভোটার ১২ লাখ ১২ হাজার ৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। সে সময় ভোটকেন্দ্র ছিল ৮৫৮টি।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে নারী ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭৩টি।
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের ১–৮ ওয়ার্ড):
গত নির্বাচনে ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন এবং ভোটকেন্দ্র ছিল ১২৩টি। এবার সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুক্ত হওয়ায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোট বেড়েছে ৪৩ হাজার ৮টি। কেন্দ্র হয়েছে ১৩৯টি।
রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ):
আগে ভোটার ছিলেন ৩ লাখ ৫৭ হাজার ৪৬ জন। এবার বেড়ে হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। ভোট বেড়েছে ২৩ হাজার ৮৭৫ জন। কেন্দ্র সংখ্যা ১৩৭টি।
রংপুর-৩ (সদর উপজেলার পাঁচ ইউনিয়ন, সিটি কর্পোরেশনের ১০–৩৩ ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট বোর্ড):
গত নির্বাচনে ভোটার ছিলেন ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এবার তা বেড়ে হয়েছে ৫ লাখ ৮ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। ভোট বেড়েছে ১০ হাজার ৪৫৬ জন। কেন্দ্র কমে হয়েছে ১৬৯টি।
রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা):
আগে ভোটার ছিলেন ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এবার বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ১১৩ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। ভোট বেড়েছে ৩১ হাজার ৫২৩ জন। কেন্দ্র সংখ্যা অপরিবর্তিত ১৬৩টি।
রংপুর-৫ (মিঠাপুকুর):
গত নির্বাচনে ভোটার ছিলেন ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এবার বেড়ে হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন। নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭২৩ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ৪৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোট বেড়েছে ২৮ হাজার ৮৫৪ জন। কেন্দ্র সংখ্যা বেড়ে হয়েছে ১৫২টি।
রংপুর-৬ (পীরগঞ্জ):
আগে ভোটার ছিলেন ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এবার বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন। নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোট বেড়েছে ২৫ হাজার ৯৮১ জন। কেন্দ্র সংখ্যা বেড়ে হয়েছে ১১৩টি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকায় ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম বলেন, “নতুন ভোটারদের অধিকাংশই তরুণ, যারা এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




















