
ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদানসহ পরিবারের প্রতিবন্ধী সদস্যদের সরকারি সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী তাঁর কার্যালয়ে শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছয় সদস্যের পরিবারের তিনজনই প্রতিবন্ধী। চরম দারিদ্র্যের কারণে একসময় তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করে পরিবারের ভরণপোষণের চেষ্টা করছেন।
শফিকুলের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ইউএনও তাঁর চায়ের দোকানের জন্য প্রয়োজনীয় উপকরণ ও ব্যবসার সামগ্রী কিনে দেন। পাশাপাশি পরিবারের প্রতিবন্ধী সদস্যদের প্রতিবন্ধী পরিচয়পত্র (কার্ড) করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের দায় ও দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।”
তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও শফিকুল ইসলামের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।