প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ৮:১২:১৮ প্রিন্ট সংস্করণ
‘চক্র’ সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র ২’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টান টান উত্তেজনায় সিজন ২।
আইস্ক্রিন-এর বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে, ঈদের ছুটির শেষ প্রান্তে ২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ।
মুক্তির পর থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে ভিকি জাহেদ-এর আইস্ক্রিন অরিজিনাল সিরিজ ‘চক্র ২’! ১ লাখ মানুষ দেখেছেন ।
চারদিকে যখন সিরিজটির প্রশংসা তখন এই উপলক্ষে রবিবার (২৯ মার্চ) দুপুরে চ্যানেল আইতে ‘চক্র ২’ এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এর নির্মাতা কলাকুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের নানা অভিজ্ঞতা শেয়ার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত।
ভিকি জাহেদ-এর পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। তাদের শক্তিশালী অভিনয় এবং গল্পের রহস্যময়তা মিলিয়ে ‘চক্র ২’ হয়ে উঠেছে এক অনন্য সাফল্য।
‘চক্র ২’ দেখার জন্য আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে সাবস্ক্রিপশন না নিয়েও শুধুমাত্র ২৫ টাকা দিয়ে এই ৮ পর্বের ওয়েব সিরিজটি দেখা সম্ভব।