আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার ১৩টি উপজেলার চত্বরে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা ও অন্যান্য উপকরণ বুঝে নিচ্ছেন। একই সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদেরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৮৪৪টি কেন্দ্রের মধ্যে ৫৩৯টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। র্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী জানান, নির্বাচন উপলক্ষে জেলায় ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ হাজার ৩৮৪ জন পুলিশ সদস্য, প্রায় ৩০ হাজার আনসার সদস্য, ১২টি টিমে ৯৬ জন র্যাব সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি এবং ১৩ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং ছয়টি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
