ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা করেছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি,সহ অঙ্গ–সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি–সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ প্রমুখ।
সভায় পার্বতীপুর–ফুলবাড়ী এলাকার সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক বলেন,
“এই আসনে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দলের দুঃসময়ে মাঠে ছিলেন না। ইউনিয়ন পর্যায়ে কারা সভাপতি, কারা সাধারণ সম্পাদক—তাদের অনেককেই তিনি চেনেন না। ৫ আগস্টের পর এলাকায় এসে হঠাৎ করেই মনোনয়ন পেয়ে গেলেন। একসময় এখানে বিএনপির লোক খুঁজে পাওয়া যেত না, হাতে গোনা চার–পাঁচজন ছিল। আমি ৩০ বছর ধরে তিল তিল করে আজকের এই বিএনপি গড়ে তুলেছি।”
বক্তারা অভিযোগ করেন, দিনাজপুর–৫ আসনে প্রাথমিকভাবে ঘোষিত একেএম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার পর থেকেই স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে।
সভায় নেতৃবৃন্দ প্রার্থী পরিবর্তনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান এবং জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে।
এদিকে, শনিবার (৬ ডিসেম্বর) আবারও প্রতিবাদ সভার ডাক দিয়েছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।