সারাদেশ

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শ্রমিক দলের নির্বাচনী প্রচারণা

  মো. শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৪:২৪ প্রিন্ট সংস্করণ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা ও পৌর শাখা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিরামপুর শহরের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডলের সঞ্চালনায় এবং পৌর শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হাতেম আলী, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মাসুদ রানা বাবু এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন।

বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহনের নেতৃত্বে বিকেল থেকে রাত পর্যন্ত বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণসহ ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

আরও খবর

Sponsered content