বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির (তৌসিফ)। সেখান থেকেই সহপাঠী তুলির (তটিনী) সঙ্গে তার বন্ধুত্বের শুরু। একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে গল্পে তৈরি হয় নতুন মোড়। রাতুলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি জানিয়ে দেয়, সে ভালোবাসে আবিরকে।
কিন্তু বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব। এরপর দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে আরও জটিল হয়ে ওঠে তাদের সম্পর্ক। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্যদিয়ে গল্পের পরিণতি ঘটে।
এমনই গল্পে নির্মিত নাটক ‘মন দুনিয়া’। মুক্তির পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ক্যাপিটাল ড্রামার এই আয়োজন। মাত্র দুই দিনেই নাটকটি ইউটিউবে দেখেছে এক কোটিরও বেশি দর্শক। সবচেয়ে দ্রুত সময়ে কোটির ঘরে পৌঁছানোর রেকর্ড গড়েছে এটি।
ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। প্রচারের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। দর্শকদের প্রশংসাও মিলছে ব্যাপক।
আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় এতে তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।