পটুয়াখালীর দুমকির মুরাদিয়া বোর্ড অফিস বাজারসংলগ্ন খালপাড় এলাকায় শেফালী বেগম নামের এক বিধবার বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে আশপাশের লোকজন চিৎকার দিলে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। তবে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট পর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ঘরটির আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।