সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির টহলে ভারতীয় নাগরিক গ্রেফতার

  হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে তাকে আটক করা হয়। পরে বিকেল ৪টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানাধীন সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে আনুমানিক ৫০ গজ ভেতরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিককে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,“সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়নি।”