ধানমন্ডি ৩২ নম্বরে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেপ্তার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ।
আটক হওয়ার পর জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টার তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সমালোচনার মুখে পরদিন গত ১৬ আগস্ট তার জামিন মঞ্জুর করেন আদালত।
সেই মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান সম্প্রতি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে অব্যাহতি দেওয়ার জন্য অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই করে এবং আরও বিস্তারিত তদন্ত করে রিকশাওয়ালা আজিজুর রহমানের বিরুদ্ধে এই মামলার ঘটনায় জড়িত থাকার সুনিদিষ্ট ও নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমান পাওয়া যায়নি। এমতাবস্থায় তাকে আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ (এ) ধারায় অব্যাহতি দেওয়া সমীচিন এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে পুলিশ প্রতিবেদন দাখিলের সময় আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হবে।
গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীনয় নিউমার্কেট থেকে সাইন্সল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াই টার দিকে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হন আরিফুল ইসলাম। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ২ মাস চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।