
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ধান ঝাড়ার মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুজন সরকার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুজন সরকার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সিটি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে এমএ (মাস্টার্স) অধ্যয়নরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ধান ঝাড়ার মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।