
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ফটোকার্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৩ জুলাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামে একটি ফেসবুক আইডি থেকে ‘এমপির নির্দেশ অমান্য করে ডিপ ভাঙচুর, ৩০০ বিঘা জমির ধান নষ্টসহ বিভিন্ন অভিযোগ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। তাদের দাবি, ওই পোস্টে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার একজন ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়ায়। তাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবী, উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রনি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলে রাব্বি তুষার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়া স্থানীয় কৃষক কুদ্দুস আলী, শামসুল আলম, টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
হুদা রেজাউন্নবী বলেন, “আমার বিরুদ্ধে একটি ফেক আইডি থেকে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রশাসনের কাছে ফেক আইডিটি বন্ধ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ফেসবুক আইডি পরিচালনাকারী বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।