
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আশরাফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই বাবু (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবু ঘর থেকে ধারালো বটি এনে বড় ভাই আশরাফুলকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।