নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর প্রতিবেশীরা হাবিবুরের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন। সেখানে চারজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন আহাজারি করে বলেন, ‘আমার মেয়ে, জামাই আর নিষ্পাপ নাতি-নাতনিদের যারা এভাবে জবাই করে মারলো, আমি তাদের ফাঁসি চাই।’
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে তাদের হত্যা করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আটকে অভিযান চলছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।