
দেশের প্রখ্যাত শিল্পপতি ও যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর যায়যায়দিন পত্রিকার মান্দা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।
মাহফিলে যায়যায়দিন পরিবারের পক্ষ থেকে মরহুম সাঈদ হোসেন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাঈদ হোসেন চৌধুরী। পরদিন রাজধানীর পরীবাগে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।
তিনি ছিলেন এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজের চেয়ারম্যান, ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, দৈনিক নিউ এজ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান। দেশের চা শিল্প, ব্যাংক, বীমা, মিডিয়া, আইটি, পর্যটন, শিপিং, কৃষি, এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তার অসামান্য অবদান রয়েছে।
তিনি ছিলেন ক্লিভডন ও দিলদারপুর নামে দুটি চা-বাগানের মালিক এবং দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের কর্ণধার। সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে তার গৃহীত কর্মসূচি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
মরহুম সাঈদ হোসেন চৌধুরী স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেজো ভাই সাদেক হোসেন চৌধুরী মাল্টিড্রাইভ গ্রুপের চেয়ারম্যান এবং ছোট ভাই সাবের হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী ও কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান। তার পিতা ভাষাসৈনিক ও শিল্পপতি হেদায়েত হোসেন চৌধুরী এবং মাতা ছিলেন সমাজসেবী রাশিদা হোসেন চৌধুরী।
তার প্রয়াণে দেশের শিল্প, গণমাধ্যম ও সমাজসেবায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।