নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের প্রায় ২০০ বছরের প্রাচীন বটগাছতলায় লোকজ সংগীত পরিবেশন করেছে একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক সংগঠন ‘শেকড় সংস্কৃতি’। বাংলার লোকজ ঐতিহ্য, মাটির টান ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প গানে গানে তুলে ধরেন সংগঠনটির শিল্পীরা।
গত শুক্রবার (২০ নভেম্বর) বৈলশিং গ্রামের ঐতিহ্যবাহী বটগাছের নিচে এ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাচীন বটগাছের ছায়ায় শিল্পীদের কণ্ঠে ভেসে আসে বাংলার চিরচেনা লোকজ সুর। গানে উঠে আসে মা, মাটি ও মানুষের কথা।
একুশে পরিষদ নওগাঁর পরিচালনায় ‘শেকড় সংস্কৃতি’ নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির গানের মূল বিষয়বস্তু মা, মাটি ও মানুষ। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, জীবনসংগ্রাম এবং মাটির প্রতি ভালোবাসার অনুভূতি সহজ-সরল কথা ও সুরের মাধ্যমে প্রকাশ করে তারা।
সংগঠনটির কার্যক্রম কোনো নির্দিষ্ট মঞ্চ কিংবা স্থানে সীমাবদ্ধ নয়। পথে-প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে গান পরিবেশনের মাধ্যমে বাংলার নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা।
ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিবিজড়িত বৈলশিং গ্রামের প্রাচীন বটগাছের নিচে এমন আয়োজনকে ঘিরে তৈরি হয় এক ভিন্ন আবহ। প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের মধ্যে গড়ে ওঠে এক অনন্য মেলবন্ধন। লোকজ সুরের মধ্য দিয়ে বাংলার শেকড়ের সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে ‘শেকড় সংস্কৃতি’।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।