নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোর রাতে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫) ও হাসান (৩০)। এ ছাড়াও বগুড়া জেলার গাবতলী উপজেলার রনি (৩২) ও হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাত ৩টার দিকে সান্তাহার-নাটোর সড়কের সাহাপুর এলাকায় ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ওই সাতজনকে গ্রেফতার করা হয়। তবে এ সময় তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান, আটটি মোবাইল ফোন এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, “গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা নওগাঁ, জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই চক্রটি ধরা পড়ায় সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।”
পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।