নওগাঁর মহাদেবপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রী কানিজ ফাতিমাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী হাসানুজ্জামান আশিকের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মায়ের করা মামলায় অভিযুক্ত আশিককে আটক করেছে পুলিশ।
আটক হাসানুজ্জামান আশিক উপজেলার বাগাচারা গ্রামের মৃত এবাদুল হকের ছেলে। তিনি চট্টগ্রামে নৌবাহিনীর দপ্তরে সৈনিক পদে কর্মরত।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর আশিকের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখের কথা চিন্তা করে কানিজের সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাতার চাকরির ব্যবস্থা থেকে শুরু করে সংসারের আসবাবপত্র ও অন্যান্য চাহিদা পূরণে আর্থিক সহযোগিতা করেন। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, চট্টগ্রামে কর্মস্থলে যাওয়ার পর স্ত্রী কানিজের প্রতি অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন আশিক। একপর্যায়ে স্বামীর ব্যবহৃত মুঠোফোনে ফরিদপুরের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ। ওই নারীকে ধর্মবোন পরিচয় দিয়ে আশিক পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করেন তিনি। এ নিয়ে স্বামীর কাছে জানতে চাইলে কানিজের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ স্বজনদের।
চলতি সপ্তাহে ছুটিতে বাড়িতে আসেন আশিক। সোমবার বিকেলে পরকীয়া সম্পর্কের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক ও তাঁর পরিবারের সদস্যরা কানিজকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাসানুজ্জামান আশিকসহ তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করেছেন।
মঙ্গলবার দুপরে মামলার বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ৩০৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আশিককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী সময়ে তাঁকে নৌবাহিনীর দপ্তরে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।