
নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে প্রতারণার অভিযোগে অন্তর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) বিকেলে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্তর নওগাঁর মান্দা উপজেলার শিশইল (ফেটগ্রাম) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অন্তর বেশ কিছুদিন ধরে নওগাঁর পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন। ওই আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কখনো নিজেকে পুলিশ সুপারের কার্যালয়ের প্রতিনিধি, আবার কখনো পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে মান্দা উপজেলার এক ব্যক্তিকে ফোন করে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মান্দা থানাকে অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। পরে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তার পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে কিংবা মামলা বা অন্য কোনো ভয়ভীতি দেখালে বিভ্রান্ত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানান।”
তিনি আরও বলেন, প্রতারণা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
প্রয়োজনে নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কন্ট্রোল রুম: ০১৩২০-১২৪৪৯৮
বার্তা: সচেতন থাকুন, প্রতারণা রোধ করুন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।