নতুন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, ‘জাতি হিসেবে সবার উচিত নির্বাচিত সরকারের পাশে দাঁড়ানো। সরকারের কাছে জাদুর চেরাগ নাই, সব বদলে দেবে।’
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে ফাওজুল কবির খান লিখেছেন, ‘এখনো সাংবাদিক ও অন্যান্যরা আমার পূর্বতন দপ্তরের বিষয় সমূহ, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে আমি মন্তব্য করতে অপারগতা জানাই।’
তিনি লেখেন, ‘তারা দুই ধরনের বিষয়ে আমার মন্তব্য জানতে চান (১) সরকারের নতুন সিদ্ধান্ত; (২) আমার কার্যকালের বিষয়। প্রথম বিষয়ে আমার মন্তব্য হলো, নবনির্বাচিত সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতাপ্রাপ্ত।’
‘দ্বিতীয় বিষয়ে আমার মন্তব্য হলো, আমি তিন মন্ত্রণালয়েই আমি “উত্তরসূরির জন্য বার্তা” রেখে এসেছি।যেখানে আমরা কোথা থেকে শুরু করেছি, কী করেছি, এখন কোথায় আছি, কী করতে পারিনি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত জবাবদিহি রেখে এসেছি’, যোগ করেন সাবেক উপদেষ্টা।
এ ছাড়া পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত পুস্তিকা প্রকাশ করেছে জানিয়ে তিনি লেখেন, ‘কিছু জানার প্রয়োজন হলে বর্তমান কর্ণধারদের ও দপ্তর প্রধানদের সাথে কথা বলুন।’
তিনি আরও লেখেন, ‘সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা আছে, আমাদের তো কোনো দল নাই। তাই এ বিষয়ে আমার নতুন করে আর কিছু বলার নাই। আমি নির্বাচনের আগেই জনসমক্ষে বলেছি, যে দলই নির্বাচিত হোক না কেন আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াব।’
‘আরেকটা কথা, সরকারের কাছ থেকে ভালো কিছু পেতে হলে সরকারকে সময় দিতে হবে। কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না। তাছাড়া অবকাঠামো খাতে প্রকল্প বাস্তবায়ন সময়সাপেক্ষ’, লেখেন ফাওজুল কবির খান।
নতুন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক উপদেষ্টা লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সংক্ষিপ্ততার কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও বেশ কিছু ভালো কাজ করতে পারিনি। তাই সবাইকে অনুরোধ জানাব নতুন সরকারকে সময় দিন।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।