প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প্রায় ভরাট হয়ে গেছে ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ফলে হাজারো জেলেদের নিরাপদ পোতাশ্রয় ও মৎস্য জীবীদের একমাত্র পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত এই নৌ-পথটি এখন মরা খালে পরিনত হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে এই খালের ডুবচরে আটকে যাচ্ছে অসংখ্য মৎস্যবাহী ট্রলার। এমনকি প্রাকৃতিক দূর্যোগ অথবা সাগর উত্তাল হলে ওই খালে আশ্রয় নিতে আসা ট্রলার গুলো আটকে যাচ্ছে বালু চরে।
আর ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখ মানুষের জীবন জীবিকা এখন পড়েছে চরম হুমকির মুখে।
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এ বাজারেই প্রতিদিন দুর-দুরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মৎস্যজীবী মানুষ। নিত্য দিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজার সহ আসপাশের এলাকা। আর এই মৎস্য বাজারকে ঘিরেই জড়িয়ে আছে লাখও মানুষের জীবন জীবিকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে সস্তিতে ফিরতে পারছেন না জেলেরা।
ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদী বেহাল দশায় প্রতিদিন ডুবচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামীরা। কখনও কয়েক ঘন্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচন ধরে আহরণকৃত মাছে। ফলে সঠিক সময়ে মাছ পরিবহন করতে না পারায় ঘাম ঝড়িয়েও লোকসান গুনছেন জেলেরা।
স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টান বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ারে প্রবেশ করা গেলেও ভাটিতে বদলে যায় সব চিত্র। তাই সাগরে খাটুনির পর ফের মাথায় করে মাছ পরিবহন করে অনেক সময় ঘাটে ফেরেন জেলেরা।
আর মৎসজীবী ও আড়ৎ মালিকরা বলছেন, শুধু মৎস্য খাতেই নয়,নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন জীবীকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখ মানুষ। তাই প্রয়োজন খনন প্রক্রিয়ার।
সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার জানান, এক সময়ে এই নদীর স্রোতের ডাক বুকে কাপন ধরিয়ে দিত। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করেন অনেকেই। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চড়ে আঁটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন জেলেরা। ফলে ঠিক সময় ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করে। এছাড়া মাছ পঁচে যায় অনেকের, এতে জেলেরা কষ্ট করেও লোকসানে পড়ে।
অপর এক মাঝি বলেন, সাগর উত্তাল হলে এবং ঝড় বন্যা হলে ওই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারনে নদীর মধ্যে প্রবেশ করতে নাপেরে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।
বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, এ খালটা এখন লাখো মানুষের জীবন জীবীকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ হাঁটে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমন ভাবে চর জেগেছে সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আঁটকে যায়। তিনি বলেন, এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।
বাজার ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায়না।
আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুরতে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরে। এই দৃশ্য দেখাটাও কষ্ট দায়ক। তিনি বলেন, এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবীকা। কিন্তু ভরসা ধুলাসার নদীটি । তাই নদীটি খননের জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুব চরের ফলে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি।যাতে দ্রুত নদীটির খননের জন্য উদ্যোগ গ্রহন করা হয়।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও যেকোন একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যব্স্থা নিব।