নাচোল উপজেলাতে অবৈধভাবে সরকারি পশুখাদ্য পাচারের চেষ্টার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ ছয়জনকে গভীর রাতে স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচারে ব্যবহৃত একটি সরকারি মালবাহী গাড়ি জব্দ এবং একজনকে আটক করে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সরকারি পশুখাদ্য কার্যালয় থেকে খাদ্য বাইরে সরানোর চেষ্টা করা হচ্ছিল। এ সময় সন্দেহজনক শব্দ ও আলামত টের পেয়ে স্থানীয়রা দ্রুত কার্যালয় ঘিরে ফেলেন। পরে সেখানে উপস্থিত কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে জনতার অবরোধে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ পাঁচজন আটকা পড়েন। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরকারি পশুখাদ্য পাচারে ব্যবহৃত সন্দেহভাজন একটি গাড়ি জব্দ করে এবং এক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরুদ্ধ কর্মকর্তাদের নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।