ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা আবদুল আজিজের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ভাইরালের পর ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন জায়গা থেকে এমপি আজিজের ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন।
গতকাল মঙ্গলবার রাতে আশফাক আহমেদ নামে প্রবাসী এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তিনটি ভিডিও প্রকাশ করা হয়। প্রায় পাঁচ মিনিটের তিনটি ভিডিও ক্লিপে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এমপি আবদুল আজিজকে এক নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর কথা বলতে দেখা যায়। এ সময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য ও এমপি আবদুল আজিজের কোনো ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি।
এর আগে শাকিল হত্যা মামলায় এমপি আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাকিলের জানাজায় বক্তব্য দিতে গিয়ে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের একাংশের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েন এমপি আজিজ। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।