প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
নাশকতার অভিযোগে বাঘায় জনতার হাতে ছাত্রলীগ কর্মী আটক,পুলিশের কাছে সোপর্দ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজারে নাশকতার প্রস্তুতির অভিযোগে আশিক আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনতা। এ সময় তার হেফাজত থেকে সাদা পলিথিনে রাখা কিছু পরিত্যক্ত গার্মেন্টসের কাপড় (ঝুট) এবং ২৫০ মিলিলিটারের একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বাউসা বাজারে এ ঘটনা ঘটে। আটক আশিক আহমেদ বাউসা ইউনিয়নের ভেড়ালীপাড়া গ্রামের আকছেদ আলীর ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি অলিম্পিক কোম্পানির এসও হিসেবে কর্মরত ছিলেন। প্রথমে পাবনা জোনের কুষ্টিয়ায় দায়িত্ব পালন করলেও পরে তাকে নাটোরে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশিক আহমেদ বাউসা বাজারে গেলে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামিল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যান।
অন্যদিকে আশিকের পরিবারের দাবি, মঙ্গলবার সকালে অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে তিনি বাউসা বাজারে গিয়েছিলেন। এ সময় তাকে আটক করে বেধড়ক মারধর করা হয়। তার বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির চাপ অভিযোগ সঠিক কি না, তা তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, আশিক দীর্ঘ দিন পলাতক ছিলো। গোপন মারফতে জানা যায় সে হঠাৎ করে এলাকায় এসে নাশতার প্রস্তুতি নিচ্ছে এমন সময় স্থানীয় জনগন তাকে আটক করে। পরে আমি নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের এই নৈরাজ্য মেনে নেওয়া হবে না।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, বাউসা এলাকায় পূর্বের একটি সন্ত্রাস বিরোধী মামলায় পলাতক ছিলো আশিক। এ মামলায় আটক দেখিয়ে বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ঘটনাস্থলে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com