
নিখোঁজের দুই দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহীম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহীম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের এক দোকানদার অফিস থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান।
তাৎক্ষণিকভাবে তিনি অফিসের শাটার খুলে দেখতে পান, গলায় গামছা পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রহীম ভান্ডারী। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করবে। পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।