সারাদেশ

নিখোঁজ ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ , ২:১৩:৫১ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালক চান মিঞা ওরফে চান্দ আলীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চান মিঞা ওরফে চান্দ আলী হাসাদাহ গ্রামের বালিগর্তপাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

জানা গেছে, গত ১৫ অক্টোবর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি চান্দ আলী। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। এরপর নিহতের পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনতাই করে তাকে হত্যা করে নির্জনস্থানে মরদেহ ফেলে গেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content