আলোচিত ইসলামী বক্তা ও ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াসউদ্দিন তাহেরী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নির্বাচনে অংশ নিলেও নিজেকে ভোট দিতে পারছেন না। নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভোটার। ফলে সংশ্লিষ্ট আসনে তার ভোটার নিবন্ধন না থাকায় নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী সুন্নী জোটের প্রার্থী হিসেবে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটার তালিকায় নাম দাউদকান্দিতে অন্তর্ভুক্ত থাকায় সরাসরি ভোট বা পোস্টাল ব্যালট—কোনোভাবেই তার ভোট নিজ আসনে যুক্ত হবে না।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এ আসনে ১৮৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ১ হাজার ১৬টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে।
আসনটিতে চা-শ্রমিক ভোটারদের একটি বড় অংশ রয়েছে। জেলার প্রায় সোয়া লাখ চা-শ্রমিক ভোটারের মধ্যে প্রায় এক লাখের বসবাস চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়। অতীতে অন্য প্রতীকের প্রার্থীরা শ্রমিকদের কাছ থেকে ‘নৌকা নিয়ে আসো’—এমন মন্তব্য শুনেছেন বলে জানা যায়। তবে এবারের নির্বাচনে শিল্পপতি এসএম ফয়সলের ‘ধানের শীষ’ প্রতীক ঘিরে ওই ভোটব্যাংকে নতুন সমীকরণের আলোচনা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ইসলামিক ফ্রন্টের প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরীর সক্রিয় প্রচার-প্রচারণা ও সমর্থকদের অংশগ্রহণ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমিয়ে তুলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।