রাজনীতি

নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

  সিলেট প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের উন্নয়নে নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার ঘটাতে সিলেটে একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম ও রমজান প্রস্তুতি

মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার সুযোগ কম ছিল। তবে ইতিবাচক দিক হলো, সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

কর্মসংস্থান ও বিনিয়োগ

সিলেটে কর্মসংস্থান ও বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, তার মূল অঙ্গীকার ছিল সিলেটকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগের বিকল্প নেই। দেশীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বিশেষ নীতিগত সহায়তার প্রয়োজন রয়েছে। সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা বাস্তবায়নে সরকার কাজ করছে। খুব শিগগিরই এর ইতিবাচক ফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

উল্লেখ্য, মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও খবর

Sponsered content