সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

  মোরছালীন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৬:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ ও রাহাজানিসহ গুরুতর সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর কিশোরগঞ্জে সংঘটিত একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি ২০২৬ ইং দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে লোকমারফত ভিকটিমের পরিবার জানতে পারে যে, দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) নামের এক নারীকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ৮ নম্বর গাড়াগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামে তার নিজ বসতবাড়ির আঙিনায় কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে।

ঘটনার পর ভিকটিমের ভাই মো. হাফিজুল ইসলাম বিষয়টি কিশোরগঞ্জ থানাকে অবহিত করেন। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৯, তারিখ-১০/০১/২০২৬ ইং।

হত্যাকাণ্ডটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।

ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ২০২৬ ইং সন্ধ্যা ৭টায় র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার (ঢাকা) ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকা থেকে মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. এরশাদ আলী (৪৫), পিতা: মৃত ইসমাইল
২. মো. সজিব (২২), পিতা: মো. এরশাদ আলী
উভয়ের বাড়ি জুম্মারপাড় (তেলিপাড়া), থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, এ ধরনের সহিংস অপরাধ প্রতিরোধে বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ এবং অপরাধ দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content