আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংসদীয় আসন-১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) এর অস্থায়ী কার্যালয়—সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা, পটুয়াখালী থেকে নোটিশটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য (সিভিল জজ, বরিশাল) সাব্বির মো. খালিদ।
নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(ক) এবং ১৬(গ), (ছ) বিধি লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নূরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালায় এবং তার কর্মী-সমর্থকদের আহত করে। ঘটনাটি আচরণবিধিমালার ৬(ক) বিধির পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে কেন নুরুল হক নূরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না—সে বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নোটিশটি দ্রুত জারি করে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠানোর জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নুরুল হক নূরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন নুরুল হক নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসান মামুন। তবে জোট সমঝোতার কারণে নুরুল হক নূর প্রার্থী হওয়ায় এ আসনে বিএনপি আলাদা প্রার্থী দেয়নি। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী লড়াইয়ে অটল থাকেন হাসান মামুন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।