নেত্রকোনার গাছে গাছে এখন ফুটছে আমের সোনালি মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের মনমাতানো ঘ্রাণ, যা বসন্তের প্রকৃতিকে করে তুলেছে আরও প্রাণবন্ত। বাতাসে ভেসে বেড়ানো এই সুবাস যেন মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতিপ্রেমীদের।
জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি গ্রামের খালি জায়গা, পুকুরপাড়, রাস্তার ধারে এবং বাড়ির আঙিনায় থাকা আমগাছগুলো মুকুলে ভরে উঠেছে। গাছের প্রতিটি ডালপালায় থোকা থোকা মুকুল শোভা পাচ্ছে। সকালবেলায় শিশিরভেজা মুকুলের ঘ্রাণে পরিবেশ হয়ে উঠছে আরও স্নিগ্ধ ও মনোরম।
বসন্তের এই সময়ে হালকা বাতাসে দুলতে থাকা মুকুলের সৌরভে চারপাশে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক আবহ। সোনালি-সবুজ রঙের মুকুলে ছেয়ে থাকা আমগাছগুলো যেন গ্রামবাংলার সৌন্দর্যকে নতুন করে ফুটিয়ে তুলেছে।
গ্রামগঞ্জের অনেক চাষি জানান, প্রতিবছরের মতো এবারও সময়মতো মুকুল আসায় তারা ভালো ফলনের ব্যাপারে আশাবাদী। অনেকে বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। তবে অকাল ঝড়-বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হলে মুকুল ঝরে পড়ার আশঙ্কাও করছেন তারা। এ কারণে গাছের পরিচর্যায় বাড়তি নজর দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করা হচ্ছে।
এদিকে জেলার বিভিন্ন বাগান মালিকরা জানান, মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন তারা। রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ স্প্রে করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রতিটি ইউনিয়নে আমরুপালি, বারি-৪, কাটিমন, বারি-১১, ফজলি সহ বিভিন্ন জাতের আমের চাষ হচ্ছে। পাশাপাশি স্থানীয় জাতের আমের চাষেও আগ্রহ বাড়ছে।
ক্ষুদ্র আমচাষি নজরুল বলেন, “বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। মুকুল রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছি। শুরু থেকেই পরিচর্যা করছি, আশা করছি এবার ভালো পরিমাণে আম পাওয়া যাবে।”
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এই জেলায় অনেক আমচাষি রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আমগাছ আছে। আমের উৎপাদন বৃদ্ধি ও পোকার আক্রমণ থেকে রক্ষায় আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি অফিসারসহ ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন।”
সব মিলিয়ে আমের মুকুলের সুবাসে এখন নেত্রকোনা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে মোড়ানো। বসন্তের এই রূপ উপভোগ করতে অনেকেই বিকেলে আমবাগানে ঘুরতে যাচ্ছেন। মুকুলের মৌ মৌ গন্ধে মানুষের মনে জাগছে নতুন স্বপ্ন ও আশার আলো।
