নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু সংলগ্ন এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন দেওয়ার পর তিনজন যুবককে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
ঘটনার পর বুধবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভে পোড়ার চিহ্ন দেখতে পান। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। ভিডিও প্রকাশের পর ঘটনাটি সবার নজরে আসে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।