নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় কয়েকটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাগুলো ঘটেছে সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রতিটি ভোটকেন্দ্রের বুথ কক্ষের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।