
দখল, দূষণ ও নাব্যতা সংকটে নেত্রকোনার মগড়া নদী এখন সংকুচিত হয়ে পড়েছে। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া অংশে গৃহস্থলীর বর্জ্য ও পয়ঃনিষ্কাশনের পানি পড়ায় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নদীটি পুনঃখনন ও সৌন্দর্যবর্ধনে ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকার একটি প্রকল্প নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর তথ্য অনুযায়ী, মগড়া নদীর মোট দৈর্ঘ্য ১১২ কিলোমিটার; এর মধ্যে নেত্রকোনা শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার। একসময় এ নদীপথে নৌকা ও লঞ্চ চলাচল করলেও খননের অভাবে নাব্যতা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে অনেক স্থানে পানি থাকে না এবং মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার বাসিন্দা রোকেয়া আক্তার বলেন, “এখানে ময়লা ফেলার কারণে পরিবেশে দুর্গন্ধ ছড়ায় এবং মাছি ও মশার উপদ্রব বাড়ে। দুর্গন্ধ ও অসুস্থতার কারণে পরিবার নিয়ে থাকা কঠিন হয়ে পড়েছে। পৌরসভা মাঝেমধ্যে পরিষ্কার করলেও তা যথেষ্ট নয়।”
সদরের কাটলী এলাকার বাসিন্দা মনিরা আক্তার বলেন, “নদীতে বর্জ্য ও মৃত পশুপাখি ফেলায় পানি দূষিত হয়ে গেছে। আগে এ নদীর পানি দৈনন্দিন কাজে ব্যবহার করা গেলেও এখন তা সম্ভব হচ্ছে না।” সাকুয়া এলাকার বাসিন্দা নুরু উদ্দিন বলেন, “নাব্যতা কমে যাওয়ায় নদীতে মাছ কমে গেছে। শীতের সময় অনেক জায়গায় পানি থাকে না, ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে খনন প্রয়োজন।”
জেলা প্রশাসন ও পাউবোর হিসাব অনুযায়ী, সিএস খতিয়ান অনুসারে নদীর দুই পাড়ে অন্তত ৩৮১টি অবৈধ স্থাপনা রয়েছে; বিআরএস খতিয়ান অনুযায়ী এ সংখ্যা ৪৯টি। এসব দখল নিয়ে ১০৪টি উচ্ছেদ মামলা ও ২০টি দেওয়ানি মামলা চলমান রয়েছে।
পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “মগড়া নদী পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানিপ্রবাহ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে খননে ৪৫ কোটি ৩৭ লাখ টাকা এবং বাকি অর্থ শহরের অংশে নদীর দুই পাশে পাঁচ কিলোমিটার হাঁটার পথ ও সৌন্দর্যবর্ধনে ব্যয় করা হবে। আসন্ন শুষ্ক মৌসুমে সাতটি প্যাকেজে সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খননকাজ শুরুর পরিকল্পনা রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি দেখছে জেলা প্রশাসন।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।