প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

নেত্রকোনার মোহনগঞ্জে দাদির ওপর হামলার সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসায় ওমর ফারুক নামে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ওমর ফারুকের মাথায় ছয়টি সেলাই লেগেছে। এ ঘটনায় ওমর ফারুকের দাদি কোকিলা খাতুন বাদী হয়ে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০) ও তাঁর ছেলে এমরানের (৩২) বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত মঙ্গলবার সকালে উপজেলার মানারকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক উপজেলার মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের কেজি ওয়ানের শিক্ষার্থী। আর অভিযুক্তরা একই গ্রামের প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু ও তাঁর ছেলে এমরান। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক স্কুলে যাতায়াতের পথে তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাদের ছোট শিশুরা প্রায়ই তাকে মারধর করত। বিষয়টি ওমর ফারুক তার দাদিকে জানালে তিনি অভিযুক্তদের কাছে এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধর করা হয় ওমর ফারুককে। পরে কোকিলা খাতুন তার নাতী ওমর ফারুককে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বিচার চান।
অভিযোগে বলা হয়, বিচার শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন ও তার ছেলে এমরানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁরা কোকিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তার কপালের ডান পাশে গুরুতর জখম হয়। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ওমর ফারুকের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে মমেকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরদিন কোকিলা খাতুন বাদী হয়ে তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এতে অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওইদিনই মামলা রেক করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com