নেত্রকোনার স্থানীয় চাহিদা মিটিয়ে চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। জেলার বারহাট্টা উপজেলার চরসিংধা, মোহনগঞ্জ ও সদর উপজেলার পঞ্চাননপুরসহ বিভিন্ন এলাকায় এ শুঁটকি তৈরি ও বাজারজাত করছেন স্থানীয় কারিগর ও ব্যবসায়ীরা। অন্যত্র ‘সিদল’ নামে পরিচিত হলেও নেত্রকোনায় এটি ‘হিদল’ নামে পরিচিত।
সদর উপজেলার পঞ্চাননপুর গ্রামের কারিগর শ্রীকান্ত চন্দ্র বর্মণ বলেন, “বংশপরম্পরায় প্রায় একশ বছর ধরে আমাদের পরিবার শুঁটকি তৈরির কাজ করছে। প্রথমে পুঁটি মাছ বাছাই করে পরিষ্কার পানিতে ধুয়ে শুকানো হয়। মাছের তেল ছেঁকে ও গরম করে তেলে ভেজানো মাটির মটকায় শুঁটকি চেপে ভরা হয়। এরপর মটকার মুখে গুঁড়ো শুঁটকি ও মাছের তেলের মিশ্রণ দিয়ে পলিথিন ও মাটি দিয়ে ঢেকে রাখা হয়।”
কারিগরদের ভাষ্য, প্রতি মটকা ভরে প্রস্তুত করতে তাঁরা ২০০ টাকা করে পারিশ্রমিক পান। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে; সরকারি সহায়তা ও স্বল্পসুদে ঋণ পেলে কাজের গতি ও জীবনমান উন্নত হতো।
নেত্রকোনার মেছুয়া বাজারের ব্যবসায়ী অমল চন্দ্র বলেন, “সারা বছর চ্যাপা শুঁটকির চাহিদা থাকলেও বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বিক্রি বেশি হয়। কার্তিক থেকে পাঁচ মাস হাওর ও মোহনগঞ্জ, কলমাকান্দা এলাকার শুঁটকির স্বাদ ভালো থাকে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা আগের তুলনায় কম পরিমাণে কিনছেন।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, “চ্যাপা শুঁটকি কারিগরদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে শুঁটকি উৎপাদনে তাঁদের সহায়তা করা হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।