
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার অঞ্চলের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে কোস্টগার্ডের সদস্যরা তার নিজ বাড়ি থেকে হাত-পা ও চোখ বেঁধে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও জেলেরা রবিবার (১০ আগস্ট) দুপুরে জেলার চেয়ারম্যান ঘাট এলাকার মাছ ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয়দের বক্তব্যে জানা যায়, গত ৭ আগস্ট দিবাগত গভীর রাতে মিজান মাঝিকে কোস্টগার্ড সদস্যরা তার বসতঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘুরিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়। মিজান মাঝি এলাকার একজন সফল, সৎ ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসা ব্যক্তি হিসেবে পরিচিত।
মানববন্ধনে বক্তারা জানান, মিজান মাঝির বিরুদ্ধে কোন ধরনের আইনগত অভিযোগ বা মামলা নেই। তিনি চরবাটা ইউনিয়নের একটি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান ও দান করে আসছেন। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মিজান মাঝির ছেলে শাহাদাত হোসেন রুবেল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যবসায়িক শত্রুতার কারণে কোস্টগার্ডের মাধ্যমে তার বাবাকে তুলে এনে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হাতিয়ার বাংলা বাজারে অভিযান চালিয়ে মিজানের আড়ত থেকে দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে মিজান মাঝি স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের মুক্তির দাবিতে সমর্থন পেয়ে আসছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।