গাজীপুর প্রতিনিধি ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ১২:৩০:১৬ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা অতিরিক্ত কোনো সুবিধা চাই না, আমরা ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী একজন নাগরিক হিসেবে যে ন্যায্য সুবিধা পাওয়ার কথা, তা তিনি পাননি। তাঁর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।”
তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান না নেয়।”
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া চৌরঙ্গীরপাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বাসায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় যৌথ বাহিনী তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁর বিরুদ্ধে জারি করা দুই দিনের রিমান্ডের আদেশ বাতিল করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, একই দিন দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জামিনে মুক্তি পাওয়ার পর সুরভী টঙ্গীর নিজ বাসায় ফিরলে দিবাগত রাতেই তাঁকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




















