
পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নাচনাপাড়া চৌরাস্তায় বাসস্ট্যান্ডসংলগ্ন ইউনিক পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন নিপু হাওলাদার ও আদিল সোহান। এর মধ্যে আদিল সোহান স্থানীয়ভাবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। ঘটনার পর স্থানীয় লোকজনের পিটুনিতে নিপু হাওলাদার গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলেন এবং পিটুনি দিয়ে টহল পুলিশের কাছে সোপর্দ করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় তেমন কোনো প্রভাব দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।