
দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা টানা তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন। শিক্ষা ক্যাডারের স্থগিত পদোন্নতি দ্রুত কার্যকর করার দাবিতে তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কলেজ ইউনিটের ব্যানার নিয়ে শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত। আমাদের সঙ্গে বা পরে অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি বছরের পর বছর আটকে আছে। তাই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সারাদেশেই আমরা কর্মবিরতি পালন করছি।”
তিনি জানান, সমস্যার সমাধানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে।
কলেজের অধ্যক্ষ মো. এবিএম মোখলেছুর রহমান শিক্ষকদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে বলেন, “তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি সুবিধা থেকে বঞ্চিত। আশা করি একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
কর্মবিরতি কর্মসূচিতে প্রভাষক নাজমুল হাসান, মো. নুরুন্নবী, মো. ফজলুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।