
কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় ভাটা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট তৈরির উদ্দেশ্যে কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার তবকপুরে অবস্থিত একটি ইটভাটাকে ১ লাখ টাকা এবং একই এলাকার এইচবিইউ ব্রিকসকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহায়তা করে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।