গত অক্টোবর-নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের ‘বাজে আচরণের’ শিকার হন। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। তারপর এক মাসের নিষেধাজ্ঞা শেষ হতেই আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন। রোনালদো পরবর্তী যুগে পর্তুগাল প্রথম ম্যাচ খেলবে সেই ডেনমার্কের বিপক্ষে। দেশের কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে তারা।
শনিবার ঘরের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দে ব্রাগায় রোনালদোকে ঐতিহাসিক শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিয়েছে পর্তুগাল। ম্যাচের আগের আনুষ্ঠানিকতায় ম্যাচডে স্কোয়াডের প্রত্যেক সদস্য সাত নম্বর জার্সি পরবেন। আ বোলা-র প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নেতৃস্থানীয় কর্মকর্তা-খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
ফেডারেশন প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েনসা জাতীয় দলের কোচ জেসুস এবং সিনিয়র খেলোয়াড় বার্নার্ডো সিলভা, রুবেন দিয়াস ও ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে বৈঠক করেন। ২০০৩ সালে শুরু হওয়া একটি যুগের অবসানকে স্মরণীয় করতে সম্মিলিতভাবে বিখ্যাত সাত নম্বর জার্সির প্রদর্শনের সিদ্ধান্ত নেন তারা।
রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাবে মিউনিসিপাল স্টেডিয়ামে উপস্থিত দর্শক-সমর্থকরাও। ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে সাবেক অধিনায়ককে স্মরণ করবেন তারা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে শ্রদ্ধা জানাতে নেওয়া এই উদ্যোগ কার্যকরের অনুমোদন দিয়েছে উয়েফা।
এখানেই শেষ নয়। ফেডারেশন তাদের প্রশিক্ষণ সদর দপ্তরেও পরিবর্তন আনছে। সিদাদে দো ফুতবলে (ফুটবলের শহর) রোনালদোর জন্য নির্ধারিত ঘরটি খালি রাখা হবে। মূলত তার অনুপস্থিতির প্রতীকি শূন্যতা তুলে ধরতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির শীর্ষ ফুটবল সংস্থা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।