পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশের দুই জেলা উত্তর ওয়াজিরিস্তান এবং ওরাকজাই এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বড় মাত্রার অভিযান পরিচালনা করেছে সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয়েছে ৭৪ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদও উদ্ধার হয়েছে। আজ শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
খাইবার পাখতুনখোয়া প্রদেশটি পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহকিক ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি এলাকা। এই গোষ্ঠীটি পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে খাইবার পাখতুনখোয়াকে আলাদা করে পৃথক তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
আর বেলুচিস্তানে গত ৭ দশক ধরে সক্রিয় আছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। জন্মলগ্ন থেকেই এ গোষ্ঠীটি বেলুচিস্তানের স্বাধীনতার প্রশ্নে আপোসহীন।
পাকিস্তানি সেনাবাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল-খারিজ’ এবং বিএলএকে ‘ফিৎনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে।
আইএসপিআরের শুক্রবারের বিবৃতিতে বরা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে এ অভিযান, এখনও তা চলছে। নিহত এই বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ৩১ জন বেলুচিস্তানের ‘ফিৎনা আল হিন্দুস্তান’ এবং বাকি ৪৩ জন খাইবার পাখতুনখোয়ার ‘ফিৎনা আল খারিজ’-এর সদস্য।
আরও বলা হয়েছে, অভিযানে উত্তর ওয়াজিরিস্তান, ওরাকজাই এবং কোয়েটায় সন্ত্রাসীদের বেশ কয়েকটি ডেরা বা আস্তানায় আঘাত হানা হয়েছে এবং এসব থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এসব আস্তানা থেকে।
“ফিৎনা আল খারিজ এবং ফিৎনা আল হিন্দুস্তানি সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের সেনা, নিরাপত্তা বাহিনী এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো আজম-ই-ইস্তেকাম (স্থিতিশীলতার সংকল্প) শীর্ষক নিরবিচ্ছিন্ন সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। সেনাবাহিনী পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ”, বিবৃতিতে বলেছে পাকিস্তানি আইএসপিআর।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানি থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি (ক্রাস) স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শেষ ৪ মাসে এই দুটি প্রদেশই ছিল দেশের সহিংসতার প্রধান কেন্দ্রবিন্দু; যার মধ্যে খাইবার পাখতুনখোয়াকে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ক্রাসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় মোট ১৫১টি সন্ত্রাসী বা সহিংস হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। শতকরা হিসেবে এটি এই সময়সীমায় সারা পাকিস্তানে সংঘটিত সহিংস ঘটনার ৫৭ শতাংশ।
সূত্র : জিও টিভি
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।