দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলা সভাকক্ষে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে গ্রাম আদালতের ২৮টি ধারার আইনগত দিক, মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ের ডিএমআইই রিপোর্ট প্রস্তুতি, মাসিক রিপোর্ট তৈরির পদ্ধতি, এবং কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন বলেন, “স্থানীয়ভাবে কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম আদালতে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের লক্ষ্য। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে।”
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
গ্রাম আদালত সূত্র জানায়, গত এক মাসে মোট ৬৫টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৩০টি নিষ্পত্তি করা হয়েছে। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের ফরম, ফর্মেট ও রেজিস্ট্রার চেয়ারম্যানদের হাতে তুলে দেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।